ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুদক চেয়ারম্যানকে রিজভীর ‌অভিশাপ!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করার কারণে দুদক চেয়ারম্যানকে ‘অভিশাপ’ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। দুদকের চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, জোবায়দার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।


রবিবার (১৭ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।


রিজভী বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে অসহযোগিতার অভিযোগে দুদকের করা মামলা বাতিলে জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব আছে।


দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করছে, কানাডায় বেগমপাড়া তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনার নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান।


বিএনপির এই নেতা বলেন, ১/১১’র জরুরি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। সে সময় শেখ হাসিনা বলেছিলেন, মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সরকার আমাদের আন্দোলনের ফসল। তাই দুদক চেয়ারম্যানকে বলবো, সেই কারণেই কি জোবায়দার বিরুদ্ধে ১/১১’র সময় করা মিথ্যা পুরনো মামলা চালু করা হয়েছে? জনগণ কিন্তু তাই বিশ্বাস করে। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।

ads
ads
ads

Our Facebook Page

↑